মহামারি করোনা ভাইরাসের ভয়াল তাণ্ডব মোকাবিলায় বিশ্বের ৬ বছর থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য নিজেদের কোভিড-১৯ প্রতিরোধী টিকার অনুমোদন চেয়েছে মডার্না। এ লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওষুধ নিয়ন্ত্রক সংস্থার কাছে মার্কিন এই বায়োটেকনোলজি প্রতিষ্ঠানটি মঙ্গলবার (৯ নভেম্বর) আবেদন করেছে।
বুধবার (১০ নভেম্বর) প্রতিবেদন প্রকাশের মাধ্যমে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে ১২ বছরের ঊর্ধ্বের শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য ফাইজার ও মডার্নার করোনা টিকার প্রয়োগ চলছে। যদিও শিশুদের জন্য কোভিড-১৯কে তেমন ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় না। তারপরও করোনার অতি সংক্রামক ধরন ডেল্টা ভ্যারিয়েন্ট শিশুদের জন্য গুরুতর হতে পারে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন।
এএফপি বলছে, প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে চার সপ্তাহের ব্যবধানে মডার্নার দুটি ডোজ নিয়ে টিকা সম্পূর্ণ করতে হয়। প্রাপ্তবয়স্কদের প্রতি ডোজে ১০০ মাইক্রোগ্রাম টিকা দেওয়া হয়ে থাকে। যদিও ৬ বছর থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য প্রতি ডোজে ৫০ মাইক্রোগ্রাম দেওয়ার বিষয়টি নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার বিবৃতির মাধ্যমে মডার্নার প্রধান নির্বাহী স্টেফানি ব্যানসেল জানিয়েছেন, আমরা ভীষণই আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, মহামারি করোনা ভাইরাসের ভয়াল তাণ্ডব প্রতিরোধে বিশ্বের ৬ বছর থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য মডার্নার টিকার অনুমোদন দিতে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির (ইএমএ) কাছে আবেদন জমা দিয়েছি। অল্পবয়সী শিশুদের টিকার অনুমোদনের জন্য এটিই আমাদের প্রথম আবেদন।
বিশ্লেষকদের মতে, ১২ বছর এবং এর বেশি বয়সী সকলের জন্য বর্তমানে ইউরোপজুড়ে মডার্নার টিকা ব্যবহার করা হচ্ছে। যদিও ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশ একটি নির্দিষ্ট বয়সের থেকে অল্পবয়সীদের জন্য মডার্নার টিকা ব্যবহার না করার পরামর্শ দিয়েছে। কারণ ৩০ বছরের কমবয়সীরা মডার্নার টিকা নিলে মায়োকার্ডাইটিসে সংক্রমিত হতে পারেন বলে ফ্রান্সসহ ওই রাষ্ট্রগুলো আশঙ্কা প্রকাশ করছে।
মায়োকার্ডাইটিস হচ্ছে হৃৎপিণ্ডের পেশীতে প্রদাহ সংক্রান্ত সমস্যা। মহামারি করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের বিরল পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে মায়োকার্ডাইটিস হতে পারে বলে অনেকে আশঙ্কা করেন।
এএফপি জানিয়েছে, কোভিড প্রতিরোধী ভ্যাকসিনের বিরল এই পার্শ্বপ্রতিক্রিয়াটি অল্পবয়সী ও যুবকদের মধ্যে দেখা গেছে। বিশেষ করে ছেলে শিশু ও পুরুষদের মধ্যে।
গত অক্টোবর মাসের শেষের দিকে মডার্না জানিয়েছিল, ৬ বছর থেকে ১১ বছর বয়সী শিশুদের শরীরে তাদের ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালে ইতিবাচক ফলাফল এসেছে। এটি শিশুদের শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। একই সঙ্গে তাদের শরীরে শনাক্ত হওয়া ভাইরাস নিষ্ক্রিয় করতেও মডার্নার টিকা ভালো কাজ করেছে।
উল্লেখ্য, ৫ বছর থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য এরই মধ্যে ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। গেল ২৯ অক্টোবর মার্কিন খাদ্য ও ওষুধ বিষয়ক প্রধান নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) অনুমোদনটি প্রদান করে। যদিও ১৮ বছর ও এর বেশি বয়সীদের জন্যই দেশটিতে মডার্নার টিকার অনুমোদন রয়েছে।